মোগলাবাজারের সিলাম পশ্চিমপাড়ায় ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতির বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ

Daily Jugabheri
প্রকাশিত August 5, 2024
মোগলাবাজারের সিলাম পশ্চিমপাড়ায় ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতির বাড়িতে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগ

নিজস্ব প্রতিনিধি:
মোগলাবাজার থানার সিলাম পশ্চিমপাড়ায় সিলাম ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ লাহিন মিয়ার বাড়ীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী ও স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা হামলা ও ভাংচুর করে। ঘটনার বিবরণে জানা যায়, অদ্য বিকাল অনুমান ৫ টার দিকে একই গ্রামের প্রভাবশালী নেতা সিলেট মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক ফজলে আহছান রাব্বি, সিলেট জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক মাহবুব আলম ও জামায়াত নেতা আনছার আলী এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা কবির আহমদ, দবির হোসেন ও সিতেন কুমারসহ আরো ১০/১৫ জন লোক মোঃ লাহিন মিয়ার বাড়ীতে প্রবেশ করে তাকে দেশদ্রোহী এবং ফ্যাসিস্ট সরকারের দোসর বলে অভিহিত করে গালিগালাজ করে ও খোঁজতে থাকে। এ সময় পরিবারের লোকজনকে উপস্থিত পেয়ে তারা বলে যে, মোঃ লাহিন মিয়াকে বের করে দিতে। মোঃ লাহিন মিয়া বর্তমানে লন্ডনে আছে বলে পরিবারের লোকজন জানায়। এ কথা শুনে হামলাকারীরা উত্তেজিত হয়ে পরিবারের লোকজনকে মারধর করে এবং ঘরের দরজা-জানালাসহ আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে এবং যাওয়ার সময় তারা মোঃ লাহিন মিয়াকে তাদের কাছে তুলে না দিলে পরিবারের সকলকে প্রাণে হত্যা করবে বলে হুমকি প্রদান করে। মোঃ লাহিন মিয়ার বাড়ির লোকজনের সাথে আলাপকালে তারা জানান, মোঃ লাহিন মিয়া বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে প্রবাস থেকে জনমত গঠন করেন, এ কারণে হামলাকারীরা তাকে প্রাণে হত্যা করার জন্য বেশ কিছুদিন যাবত তৎপর রয়েছে। কিন্তু তাকে না পাওয়ায় সন্ত্রাসীরা তার বাড়ীতে হামলা করে। থানায় পুলিশের কার‌্যক্রম বন্ধ থাকায় পরিবারের লোকজন এ ঘটনার ব্যাপারে আইনি সহায়তা পান নাই।
পরিবারের লোকজন এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন। স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ লাহিন মিয়া বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী অঙ্গ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত থাকার কারণেই বিএনপি, জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা তার বাড়ীতে হামলা করে। এ ব্যাপারে স্থানীয় বিএনপি, জামায়াত ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও আমাদের প্রতিনিধি ব্যর্থ হন। থানায় পুলিশের কার্যক্রম বন্ধ থাকায় তারা লিখিত অভিযোগ দিতে পারছেন না বলে মোঃ লাহিন মিয়ার পরিবারের লোকজন আমাদের প্রতিনিধিকে বলেন।

সংবাদটি শেয়ার করুন