• ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই জিলহজ, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর রাইদার

Daily Jugabheri
প্রকাশিত জুলাই ১৬, ২০২৫
জগন্নাথপুরে এসএসসিতে সর্বোচ্চ নম্বর রাইদার

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শিক্ষার্থী তাহিয়া আঞ্জুম রাইদা চলতি বছরের এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। সে পুরো উপজেলার মধ্যে সর্বোচ্চ নম্বর লাভ করেছে।

পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে রাইদা পেয়েছে ১২১৩। সে সব বিষয়ে পেয়েছে এ প্লাস।

রাইদা কলকলিয়া ইউনিয়নের আটপাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। সে শিক্ষক দম্পতি জগন্নাথপুরের শাহজালাল মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ এম এ মতিন ও আব্দুল কাদির সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা মান্না বেগমের মেয়ে।

ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখে রাইদা। তার সাফল্যে পরিবারের সদস্যরা ছাড়াও আত্মীয়স্বজন ও এলাকাবাসী আনন্দে মিষ্টি বিতরণ করেছেন। বাড়িতে ভিড় করছেন প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষীরা।

রাইদা জানায়, ‘আমি ডাক্তার হতে চাই। মানুষের সেবা করাই আমার স্বপ্ন।’ বাবা-মায়ের উৎসাহ ও নিয়মিত পড়াশোনাই তার সাফল্যের মূল চাবিকাঠি বলে জানায় সে।

রাইদার বাবা এম এ মতিন বলেন, ‘মেয়ের এমন ফলাফল আমাদের গর্বিত করেছে। আশা করি, সে সামনে আরও ভালো করবে।’ বিদ্যালয় কর্তৃপক্ষও রাইদার এ অর্জনে সন্তোষ প্রকাশ করেছে এবং তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।

সংবাদটি শেয়ার করুন