
জুড়ি প্রতিনিধি : মৌলভীবাজারের জুড়িতে আলোচিত জোড়া খুনের মামলার প্রধান আসামী পলাতক আজিম উদ্দিনের বিরুদ্ধে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের রায় প্রদান করেছেন আদালত। গতকাল মৌলভীবাজার জেলা দায়রা জজ আদালতের বিচারক খাদেম উল কায়েস এ মামলা দুটির রায় ঘোষণা করেন। পলাতক আসামী আজিম উদ্দিন জুড়ি উপজেলার ধামাই গ্রামের আব্দুল হাকিমের ছেলে। আদালত সূত্রে জানা যায়, বিগত ১০ মে, ২০১৮ ইং তারিখে মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন আজিম উদ্দিনের চাচা আব্দুল আহাদ । আদালতের নির্দেশে মামলাটি তদন্ত শেষে জুড়ী থানা পুলিশ আদালতে চার্জশীট দাখিল করে। পরে মামলা দুটি বিচারের জন্য মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতে স্থানান্তরিত হলে বিচার কার্যক্রম শুরু হয়। মামলা নং (জিআর নং-৮৫/২০১৮, জেলা দায়রা মামলা নং ৭৪/২০১৯) এর রায় বিগত ৩০/০৯/২০২৫ ইং তারিখে এবং (জিআর নং-৮৬/২০১৮, জেলা দায়রা মামলা নং ৭৭/২০১৯) এর রায় বিগত ০৫/১০/২০২৫ ইং ঘোষণা করেছেন আদালত।