
নিজস্ব সংবাদদাতা, কুলাউড়া থেকে : আদর্শগত মিল না থাকায় কুলাউড়ার খান মার্কেটটি জ্বালিয়ে ছারখার করে দিয়েছে স্থানীয় ইসলামী উগ্রবাদী সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ তথা জেএমবি’র জঙ্গী সন্ত্রাসীরা । কুলাউড়া স্টেশন বাজারস্থ খান মার্কেটের মালিক হলেন শিয়া মুসলিম কমিউনিটির সদস্য মুহাম্মদ শফিকুল ইসলাম । ঘটনাটি সংঘটিত হয় গতকাল বিকেল অনুমান ৫ ঘটিকায় ।
কুলাউড়া জালালিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক ও জেএমবি জোনাল সমন্বয়ক মাওলানা ইকবাল ফরাজী ২০২৩ সালের ৯ই জানুয়ারি মুহাম্মদ শফিকুল ইসলামের নিকট ইসলামী ওয়াজ মাহফিলের জন্য অনুদান হিসেবে ১ লক্ষ টাকা দিতে স্থানীয় জালালিয়া দাখিল মাদ্রাসার কয়েকজন ছাত্রকে পাঠান । তিনি অনুদানের টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে উঠেন জেএমবি’র নেতা মাওলানা ইকবাল ফরাজী । এরই ধারাবাহিকতায় ২০২৩ সালের ৪ঠা ফেব্রুয়ারি শিয়া মুসলমানরা হযরত আলীর (রাঃ) জন্মদিন ইয়াওম-ই-আলী উদযাপন করছিল । হঠাৎ সেখানে ১০/১৫ জনের একদল জঙ্গী সন্ত্রাসী মাওলানা ইকবাল ফরাজির অনুসারী উপস্থিত হয়ে শিয়া সম্প্রদায়ের লোকদের আচার-আচরণ, হযরত আলীর জন্মদিন উদযাপন করে সুন্নি মতবাদের লোকদের বিভ্রান্ত করার অভিযোগ করে এবং লোকজনকে শিয়া ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করার অভিযোগ করে । এক পর্যায়ে জেএমবি’র ক্যাডাররা শিয়া সম্প্রদায়ের লোকদের উপর হামলা চালায় । এই হামলায় মুহাম্মদ শফিকুল ইসলাম গুরুতর আহত হন । তাকে স্থানীয় কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে তিনি দু’দিন চিকিৎসা গ্রহণ করেন । সন্ত্রাসীরা ক্যাডাররা ভবিষ্যতে আরও মারাত্মক পরিণতির জন্য প্রস্তুত থাকতে হুমকি দিয়ে যায় ।
এরই ধারাবাহিকতায় ২০২৪ সালের ৯ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মাওলানা ইকবাল ফরাজির নেতৃত্বে জেএমবি সদস্যরা কুলাউড়ার বিভিন্ন গ্রামের সংখ্যালঘুদের বাড়িতে হামলা চালায় । জনতার বিচারের নামে জেএমবি সদস্যদের দ্বারা মুহাম্মদ শফিকুল ইসলামের বাড়িতেও ব্যাপক ভাঙচুর করে এবং গতকাল ২৫ অক্টোবর জেএমবি জঙ্গিরা কুলাউড়াস্থ রেলওয়ে স্টেশনস্থ খান মার্কেটে আগুন ধরিয়ে দেয় । মুহুর্তে আগুনের লেলিহান শিখা মার্কেটের চারদিকে ছড়িয়ে পড়ে । পরে দমকল বাহিনীর সদস্যরা দ্রুত এসে আগুন নিয়ন্ত্রণে নিলেও ততক্ষণে মার্কেটটি পুড়ে বিপুল পরিমাণ ক্ষতি সাধিত হয় ।