বালাগঞ্জে প্রবাসী যুবকের বাড়ীতে পুলিশী তল্লাশী : পরিবারকে হয়রানীর অভিযোগ

Daily Jugabheri
প্রকাশিত August 20, 2025
বালাগঞ্জে প্রবাসী যুবকের বাড়ীতে পুলিশী তল্লাশী : পরিবারকে হয়রানীর অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, বালাগঞ্জ : সিলেটের বালাগঞ্জে এক প্রবাসী যুবকের বাড়ীতে পুলিশী তল্লাশীর নামে পরিবারের সদস্যদের হয়রানীর অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (১৯ আগস্ট) রাত আনুমানিক ১১ টার সময় বালাগঞ্জ উপজেলার ৩নং দেওয়ান বাজার ইউনিয়নের গহরপুরের আহমদপুর গ্রামের প্রবাসী যুবক মো. আব্দুল্লাহ আলী রাজ (২৩) এর বাড়ীতে তল্লাশী চালায় পুলিশ। সে ঐ গ্রামের জমির আলীর দ্বিতীয় পুত্র এবং বর্তমানে প্রবাসে বসবাস করছে বলে জানা গেছে। তার বিরুদ্ধে একটি মামলার গ্রেফতারী পরোয়ানা জারি রয়েছে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালাগঞ্জ উপজেলার গহরপুরের আহমদপুর গ্রামের জমির আলীর পুত্র মোঃ আব্দুল্লাহ আলীরাজ প্রায় সাড়ে তিন বছর থেকে যুক্তরাজ্যে বসবাস করছেন। গত বছর তার বিরুদ্ধে সিলেট নগরীর শাহপরান থানায় একটি মামলা দায়ের করা হয়। তিনি প্রবাসে থাকার পরও তাকে আসামী করা নিয়ে জনমনে বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে। পারিবারিক পূর্ব বিরোধ নিয়ে সম্ভবতঃ এই মামলা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। সম্প্রতি সেই মামলায় গ্রেফতারী পরোয়ানা জারি হতে পারে বলে স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে। গতকাল রবিবার রাত ১১ টার সময় বালাগঞ্জ থানা ও সিলেট নগরীর শাহপরান থানা পুলিশের যৌথ একটি দল মোঃ আব্দুল্লাহ আলী রাজের বাড়ীতে তল্লাশী চালায়। এসময় পুলিশ কর্তৃক তাঁর মা-বাবা ও পরিবারের অন্যান্য সদস্যদের ভয়-ভীতি প্রদর্শন ও হুমকী-ধামকী দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে বালাগঞ্জ থানার ওসি (তদন্ত) ফয়েজ আহাম্মদ জানান, মোঃ আব্দুল্লাহ আলীরাজ-এর বিরুদ্ধে একটি চাঁদাবাজী মামলার গ্রেফতারী পরোয়ানা ছিলো। নিয়মিত অভিযানের অংশ হিসেবেই পুলিশ ঐ বাড়ীতে গিয়েছিলো। পরিবারের সদস্যদের ভয়-ভীতি প্রদর্শনের অভিযোগটি সত্য না। এরপরও আমি খোঁজ নিয়ে দেখবো।

সংবাদটি শেয়ার করুন