নিজের পছন্দে বিয়ে করায় মেয়েকে ত্যাজ্য করলেন বাবা

Daily Jugabheri
প্রকাশিত August 4, 2025
নিজের পছন্দে বিয়ে করায় মেয়েকে ত্যাজ্য করলেন বাবা

নিজস্ব সংবাদদাদা, ওসমানীনগর: অভিভাবকদের অনুমতি ছাড়া নিজের পছন্দের পাত্রকে বিয়ে করায় মেয়েকে ত্যাজ্য করেছেন বাবা। এই ঘটনাটি ঘটেছে সিলেটের ওসমানীনগর উপজেলায়। গতকাল রোববার (৩ আগস্ট) নোটারি পাবলিক সিলেটের সম্মূখে উপস্থিত হয়ে সজ্ঞানে নিজের মেয়েকে আইনীভাবে ত্যাজ্য ঘোষণা করেন সিলেটের ওসমানীনগর উপজেলার দয়ামীর রাইকদারা গ্রামের মোঃ আব্দুল মুতলিব। ত্যাজ্য হওয়া মেয়ে বর্তমানে প্রবাসে যুক্তরাজ্যে অবস্থান করছে বলে নোটারি পাবলিকে উল্লেখ করা হয়েছে।

মোঃ আব্দুল মুতলিব নোটারি পাবলিকে উল্লেখপূর্বক জানান, তার ২ ছেলে ও ২ কন্যা সন্তানের মধ্যে মোছাঃ তাজকিয়া বেগম (২৬) গত ২০২৪ সালের শুরুতে পারিবারিক খরচে যুক্তরাজ্য গমন করেন। এরপর সে প্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে বিয়ে দেয়ার জন্য আমি উপযুক্ত পাত্র খুঁজে বের করি এবং বিয়ে করার জন্য আহ্বান জানাই। কিন্তু সে আমার পছন্দের পাত্রকে বিয়ে করতে অস্বীকৃতি জানিয়ে যুক্তরাজ্যে অবস্থানরত আবু তালেব সাজিদ নামের এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক আছে বলে জানায়। আমরা খোঁজ খবর নিয়ে দেখি ঐ ছেলেটি ছাত্রলীগের চিহ্নিত সন্ত্রাসী এবং ইসলাম বিরোধী মনোভাবের অধিকারী ও নাস্তিক। আমরা মেয়েকে ঐ ছেলে সাথে সম্পর্ক না রাখার নির্দেশ দেই। কিন্তু সে আমাদের কথা না মেনে ঐ ছেলের সাথে সম্পর্ক রাখে। এমনকি পরিবারের সম্মতি ছাড়া ঐ ছেলের সাথে শারীরিক সম্পর্ক ও অবাধ মেলামেশা করে। এর প্রেক্ষিতে গত জুলাই মাসের ২০ তারিখ সে একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে বলে আমাদের জানায়। এমন পরিস্থিতিতে আমরা সামাজিক, পারিবারিক এবং ধর্মীয়ভাবে হেয় প্রতিপন্ন হতে থাকি। ফলে পরিবার ও অন্যান্য সন্তানের কথা চিন্তা করে আমার চতুর্থ মেয়ে মোছাঃ তাজকিয়া বেগম (২৬ ) অবাঞ্চিত ত্যাজ্য কন্যা ঘোষণা করিলাম। আজকের পর থেকে সে আমার পরিবারের কেউ নয়, আমার কোন সহায় সম্পত্তিতে সে অংশীদার থাকবেনা।

এদিকে পিতা কর্তৃক নিজের কন্যাকে ত্যাজ্য করার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। মেয়ে প্রবাসে অবস্থান করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন