
নিজস্ব প্রতিবেদক :: সিলেটে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে অপহরণ মামলা করার চেষ্টা করেছেন জামায়াতে ইসলামীর এক নেতা। ঘটনাটি ঘিরে নগরজুড়ে চলছে আলোচনা ও সমালোচনা।
জানা গেছে, সিলেট মহানগরীর ১৭ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ নেতা মো. মাহবুবুর রহমান খানের বিরুদ্ধে অপহরণ মামলা করতে সিলেট কোতওয়ালী মডেল থানায় যান সিলেট মহানগর জামায়াতে ইসলামীর অন্তর্গত ৮ নম্বর ওয়ার্ডের সহ-সাধারণ সম্পাদক মো. মানিক মিয়া।
থানা সূত্রে জানা যায়, মানিক মিয়ার অভিযোগ ছিল তার মেয়ে মাহবুবা আক্তার শিপাকে চার দিন আগে জোরপূর্বক অপহরণ করে ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান নিজ বাসায় আটকে রেখেছেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে কোতওয়ালী থানার ওসি নজরুল ইসলামের নির্দেশে সেকেন্ড অফিসার ফয়েজ আহমদের নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে যায়।
তবে অভিযানে গিয়ে পুলিশ জানতে পারে ভিন্ন তথ্য। পুলিশ জানায়, অভিযোগকারী মানিক মিয়ার মেয়ে মাহবুবা আক্তার শিপা পরিবারের অমতে চার দিন আগে নিজ ইচ্ছায় ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান খানের সঙ্গে আইন অনুযায়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। বিষয়টি কোনো অপহরণ নয়; বরং দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর উভয়ের সম্মতিতে এ বিয়ে সম্পন্ন হয়েছে।
এ বিষয়ে সিলেট কোতওয়ালী মডেল থানার ওসি নজরুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে অপহরণের অভিযোগ পাওয়ায় আমরা দ্রুত একটি টিম পাঠাই। পরবর্তীতে তদন্তে জানা যায় এটি অপহরণ নয়, বরং প্রেমঘটিত বিষয়। যেহেতু উভয়ই প্রাপ্তবয়স্ক এবং আইনসম্মতভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন, তাই আইনগতভাবে আমাদের কিছু করার সুযোগ নেই।”
টেলিফোনে সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ বলেন,
“মামলা করার চেষ্টার সময় কোতওয়ালী থানার পক্ষ থেকে আমাকে বিষয়টি জানানো হয়। আমি মাহবুবুর রহমানকে ব্যক্তিগতভাবে চিনি এবং তাদের কয়েক দিন আগের বিবাহের বিষয়েও অবগত ছিলাম। বিষয়টি আমি থানা পুলিশকে জানাই এবং মিথ্যা মামলা নথিভুক্ত না করার অনুরোধ করি।”
এদিকে মাহবুবা আক্তার শিপার সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন,“পরিবারের অমতে নিজের সিদ্ধান্তে বিয়ে করায় আমার বাবা এই অপহরণ মামলা দেওয়ার চেষ্টা করেছেন। আমার বাবা জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। আমার স্বামী আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত থাকার কারণেই তিনি এই বিয়ে মেনে নিতে পারেননি।”
ছাত্রলীগ নেতা মো. মাহবুবুর রহমান খান বলেন, “আমি শিপাকে জোর করে উঠিয়ে আনিনি। দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর আমরা দুজনই সিদ্ধান্ত নিয়ে বিয়ে করেছি। শিপার পরিবারের সদস্যরা আমাকে অপছন্দ করেন শুধুমাত্র আমার রাজনৈতিক পরিচয়ের কারণে। রাজনীতি কখনোই ভালোবাসার পথে বাধা হতে পারে না।”
অন্যদিকে, ঘটনার পর জামায়াত নেতা মো. মানিক মিয়ার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।