গোলাপগঞ্জে এলডিপি নেতা ফাহিমের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

Daily Jugabheri
প্রকাশিত May 21, 2022
গোলাপগঞ্জে এলডিপি নেতা ফাহিমের ওপর হামলা, প্রাণনাশের হুমকি

সিলেট প্রতিনিধি ::
সিলেটের গোলাপগঞ্জে বন্যাকবলিত মানুষের মাঝে ত্রাণ বিতরণকে কেন্দ্র করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা মোঃ তোফায়েল আহমেদ ফাহিমের ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (২০ মে) রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে। হামলায় তিনি আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফাহিমের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ত্রাণ বিতরণ শেষে রাত ৯টার দিকে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি ফেরার পথে গোলাপগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্বেচ্ছাসেবক লীগ নেতা রুহিন আহমেদ খানের নেতৃত্বে আওয়ামী লীগের সন্ত্রাসীরা ফাহিমের পথরোধ করে। এ সময় কোনোকিছু বুঝে ওঠার আগেই তারা ফাহিমকে এলোপাতাড়ি মারধর করে গুরুতর আহত করে। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
শনিবার (২১ মে) সকালে মুঠোফোনে যোগাযোগ করা হলে এলডিপি নেতা মোঃ তোফায়েল আহমেদ ফাহিম সাংবাদিকদের বলেন, হামলাকারীরা দীর্ঘদিন ধরে তাকে এলডিপির রাজনীতি বন্ধ করার জন্য হুমকি দিয়ে আসছিলো। কিন্তু তিনি তাদের হুমকি উপেক্ষা করে দলীয় রাজনীতি চালিয়ে যাচ্ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে হামলাকারীরা তার ওপর হামলা চালায় এবং ভবিষ্যতে এলডিপির রাজনীতি অব্যাহত রাখলে তাকে হত্যা করা হবে বলে প্রকাশ্যে হুমকি দেয়।
এ বিষয়ে অভিযুক্তদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ জানান, বিষয়টি তিনি খোঁজ নিয়ে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন