বড়লেখায় বিএনপি ক্যাডারদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা আহত

Daily Jugabheri
প্রকাশিত September 8, 2024
বড়লেখায় বিএনপি ক্যাডারদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা আহত

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় বিএনপি ক্যাডারদের হামলায় এক সাবেক ছাত্রলীগ নেতা আহতের খবর পাওয়া গেছে। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলা সদরের বড়লেখা সরকারি কলেজের পাশে ষাটমা ব্রীজের কাছে অতর্কিত হামলার শিকার হন তিনি। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেটের একটি বেসরকারী হাসপাতালে প্রেরণ করা হয়।
আহত ছাত্রলীগ নেতার নাম মো. ইমতিয়াজ রফিক চৌধুরী। তিনি বড়লেখা উপজেলার গ্রামতলা গ্রামের মৃত আব্দুর রফিক চৌধুরীর পুত্র। তিনি বর্তমানে সিলেটের একটি কলেজে পদার্থ বিদ্যা বিভাগের শিক্ষক হিসেবে কর্মরত এবং বঙ্গবন্ধু লেখক ফোরামের সিলেট জেলা শাখার সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল শনিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলায় প্রয়োজনীয় কাজ শেষে বাড়ী ফেরার পথে উপজেলা সদরের বড়লেখা সরকারি কলেজের পাশে ষাটমা ব্রীজের কাছে ও থানার সন্নিকেটে সাবেক ছাত্রলীগ নেতা ও কলেজ শিক্ষক মো. ইমতিয়াজ রফিক চৌধুরীর উপর স্থানীয় ৭/৮ জন বিএনপি নেতাকর্মী দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এক পর্যায়ে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। হামলায় তাঁর পায়ে, মাথায়, মুখের চোয়াল, দাঁত এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে বিএনপির ক্যাডারদের মব’র শিকার হয়ে গুরুতর আহত ইমতিয়াজ রফিক চৌধুরী সাংবাদিকদের বলেন, ছাত্র জীবনে ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলাম। যদিও বর্তমানে আমি শিক্ষকতার সাথে জড়িত আছি। পাশাপাশি আদর্শিক সংগঠন বঙ্গবন্ধু লেখক ফোরামের সাথে সম্পৃক্ত আছি এবং নিয়মিত পত্রপত্রিকায় আওয়ামী আদর্শকে ধারন করে লেখালেখি করছি, এই অপরাধে আমাকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে আকস্মিক হামলা চালানো হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরের ৫ আগস্টের পর সারাদেশে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীদের উপর হামলা মামলা ও গ্রেফতার অব্যাহত রয়েছে। ‘মব’ জাস্টিসের মাধ্যমে তাদের বাসা-বাড়ী ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে সাবেক ছাত্রলীগ নেতা ইমতিয়াজের উপর হামলার ঘটনা ঘটতে পারে বলে একাধিক সূত্র মনে করছে।

এর সত্যতা জানতে চাইলে বড়লেখা থানার ওসি আব্দুল কাইয়ুম বলেন, এই ধরনের কোন ঘটনার খবর তার জানা নেই। বিষয়টির তিনি খোঁজ নিয়ে দেখছেন।

সংবাদটি শেয়ার করুন