
ওসমানীনগর প্রতিনিধি:
ওসমানীনগরে বসত বাড়ি থেকে এক ব্যবসায়ীকে তুলে কার্যালয়ে নিয়ে ১০লক্ষ টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে সিলেট ডিবি পুলিশের লোকজন। ঘটনার শিকার ঐ ব্যবসায়ীর নাম মো. কামাল মিয়া শিকদার (৪৬)। তিনি উপজেলার তেরহাতি গ্রামের তোতা মিয়া শিকদারের পুত্র। গোয়ালাবাজারে শিকদার এজেন্সি এবং আলিশান ফ্যাশন নামে তার দু’টি দোকান রয়েছে। গত ১১জুন রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার তেরহাতি গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনার পর ব্যবসায়ী কামালকে এলাকায় পাওয়া যাচ্ছেনা। এ নিয়ে ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
জানা যায়, প্রতিদিনের মতো ঐ দিন রাত ১০টায় দোকান থেকে কামাল মিয়া শিকদার বাড়িতে যান এবং ১১টার দিকে ঘুমিয়ে পড়েন। রাত ১২টার দিকে সাদা পোশাকের ডিবি পুলিশের লোকজন দরজায় ডাকাডাকি করলে তার স্ত্রী দরজা খোলে দেন। তখন পুলিশের লোকজন কামালকে ধরে হাতে হাতকড়া পরিয়ে পুলিশি ভ্যানে করে নিয়ে যায়। পরদিন সকালে স্ত্রী মার্জনা বেগমের মোবাইলে ডিবি পুলিশের একটি মোবাইল থেকে কল আসে। কল রিসিভ করলে অপর প্রান্ত থেকে কামাল শিকদার তার স্ত্রীকে জানান, সিলেট ডিবি কার্যালয় থেকে তাকে ছাড়িয়ে আনতে। খবর পেয়ে মার্জনা বেগম ডিবি পুলিশের লোকজনের সাথে যোগাযোগ করেন। তখন পুলিশ তাকে ছাড়াতে ৪০লক্ষ টাকা চেয়ে বসে। মার্জনা বেগম পুলিশের সাথে অনেক দেনদরবার করে নগদ ১০ লক্ষ টাকা দিয়ে পনেরো দিনের মধ্যে বাকি ৩০ লক্ষ টাকা দিবেন বলে একটি অঙ্গিকারনামায় স্বাক্ষর করে স্বামীকে ছাড়িয়ে আনেন।
ব্যবসায়ী কামাল মিয়া শিকদার মুঠোফোনে এ প্রতিবেদককে বলেন, আমাকে ডিবি অফিসে নিয়ে পুলিশ বেধড়ক মারপিট করেছে । আমি মারাত্মক অসুস্থ। একটি রাজনৈতিক দলকে চাঁদা না দেওয়ায় তারা ডিবি দিয়ে তুলে আমাকে নির্যাতন করে টাকা নিয়ে ছেড়েছে। এর আগে আওয়ামীলীগের সন্ত্রাসীরা আমার কাছে চাঁদা চায়। চাঁদা নাদিলে তারা আমার বাড়ি ঘরে হামলা ভাংচুর চালিয়ে লুটপাট করেছে।
কামাল মিয়া শিকদারের স্ত্রী মার্জনা বেগম বলেন, আওয়ামীলীগ নেতা পীর মজনু মিয়া ও শামিম আহমদ এর টার্গেটের শিকার হয়েছেন আমার স্বামী । তারা ইউনিয়ন নির্বাচনে আমার স্বামীর কাছে ৪০ লক্ষ টাকা চাঁদা চায়। চাঁদা না দেওয়ায় ডিবি পুলিশকে দিয়ে তুলে নিয়ে তাকে মারপিট করেছে। তাকে ছাড়াতে গেলে পুলিশ ৪০ লক্ষ টাকা চায়। এটা নাকি আওয়ামী লীগের নেতাদের নির্দেশে করা হয়েছে। আমি কোন উপায় না পেয়ে ১০ লক্ষ দিয়েছি। একটা কাগজে লিখে রেখেছে বাকি ৩০ লক্ষ টাকা দেবো বলে।
গোয়ালাবাজার ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা পীর মজনু মিয়ার বলেন, আমি দুই বারের নির্বাচিত চেয়ারম্যান। জনগণ আমাকে ভালবাসে,তাই ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমি জনগনের কাছে চাঁদা চাইবো কেন?
সিলেট জেলা যুবলীগের সভাপতি ও ওসমানীনগর উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ বলেন, আমিও একজন ব্যবসায়ী। রাজিিনত করি তাই জনগণ চেয়ারম্যান বানিয়েছে। আমি কারো কাছে চাঁদা চাইনি, এটা মিথ্যা কথা।
ওসমানীনগর থানার অফিসার্স ইনচার্জ এস এম মাইন উদ্দিন বলেন, ডিবি পুলিশ গোয়ালাবাজার থেকে এক ব্যবসায়ীকে নিয়ে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিয়েছে শুনেছি। চাঁদার খবর জানিনা।
সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, দোকানের মালিকানা নিয়ে একটি অভিযোগ আসলে আমরা একজন ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনি। জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছাড়া হয়েছে। এখানে চাঁদা নিয়ে ছাড়ার সংবাদ মিথ্যা।