ইসলামী ছাত্র শিবির নেতা নাসির উদ্দিনের বাড়িতে সরকার দলীয় ক্যাডারদের বর্বরোচিত হামলা-ভাঙচুর-লুটপাট: দু’জন আহত

Daily Jugabheri
প্রকাশিত July 29, 2024
ইসলামী ছাত্র শিবির নেতা নাসির উদ্দিনের বাড়িতে সরকার দলীয় ক্যাডারদের বর্বরোচিত হামলা-ভাঙচুর-লুটপাট: দু’জন আহত

বিশ্বনাথ উপজেলা ছাত্র শিবিরের সাবেক সহকারী সেক্রেটারী নাসির উদ্দিনের বসতবাড়িতে হামলা, ভাঙচুর সহ লুটপাট চালায় স্থানীয় যুবলীগ নামধারী ক্যাডারা (ইনসেটে নাসির উদ্দিন)। ছবিঃ রহিম উদ্দিন পলাশ।


নিজস্ব সংবাদদাতা, বিশ্বনাথ থেকে :
বিশ্বনাথ উপজেলা শাখা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সহকারী সেক্রেটারী ও ৩নং অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামের আজিজুর রহমানের পুত্র নাসির উদ্দিনকে খুঁজতে গিয়ে তাদের বসতবাড়িতে সরকার দলীয় ক্যাডারদের ব্যাপক হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। পৈশাচিক এই ঘটনায় ছাত্র শিবির নেতার বয়োঃবৃদ্ধ পিতা আজিজুর রহমান (৫৬) ও মাতা- মনোয়ারা বেগম (৪৬) গুরুতর আহত হয়েছেন। গুরুতর আহত দু’জনকে উদ্ধার করে দ্রæত নর্থইস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের লক্ষ্যে সারা দেশব্যাপি আন্দোলন-সংগ্রাম জোরালো হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সাধারণ জনতা আন্দোলনের প্রতি একাত্মতা ঘোষণা করে রাস্তায় আন্দোলনে শরিক হচ্ছে। অপরদিকে সরকার দলীয় নেতা-কর্মীরাও বিরোধী রাজনৈতিক দলের চিহ্নিত নেতা-কর্মীদেরকে বিভিন্নভাবে দমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। চারদিকে এক ভীতিকর পরিস্থিতি বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় গতকাল সরকার দলীয় অঙ্গ সংগঠন যুবলীগের কতিপয় ক্যাডার ১০/১২টি মোটর সাইকেলযোগে ছাত্র শিবির নেতা নাসির উদ্দিনের বাড়িতে গিয়ে নির্বিচারে ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় নাসির উদ্দিনের বয়োঃবৃদ্ধ পিতা-মাতা বাঁধা প্রদান করলে সন্ত্রাসীরা তাদেরকে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করে।
এ সময় সশস্ত্র সন্ত্রাসীর বাড়িতে লুটপাট চালায়। সন্ত্রাসীরা এসব তান্ডব চালালেও ভয় ও আতংকে কেউ প্রতিরোধ করতে এগিয়ে আসেননি। উল্লেখ্য রাজনৈতিক কারণে শিবির নেতা নাসির উদ্দিন ইতোমধ্যে তার ফেইসবুকে আওয়ামী লীগ সরকারবিরোধী বিভিন্ন তৎপরতা চালালে বিভিন্ন সময় তার পরিবারের লোকজনকে ভয়ভীতি প্রদান করা হয়। এর আগেও রাজনৈতিক প্রতিহিংসার জের ধরে ইসলামী ছাত্র শিবির নেতা নাসির উদ্দিনের উপর সরকার দলীয় সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে বর্বরোচিত হামলা চালালে তিনি মারাত্মকভাবে আহত হন।

সংবাদটি শেয়ার করুন