
গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঘোগা গ্রামে জমি দখলকে কেন্দ্র করে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে। নিহতের নাম আব্দুল খালিক। তিনি মৃত আরজিদ আলীর পুত্র।
নিহতের পরিবারের দাবি, দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি দখলের উদ্দেশ্যে হামলা, ভয়ভীতি, মামলা-মোকদ্দমা ও হত্যাকাণ্ডের মাধ্যমে পরিবারটিকে এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা চলছিল। সর্বশেষ সেই বিরোধের জের ধরে গত ২৪ জানুয়ারি ২০২৪ বিকেল ৩টার দিকে সংঘটিত হামলায় প্রাণ হারান আব্দুল খালিক।
পরিবারের সদস্যদের অভিযোগ, ওইদিন আমিনুল ইসলাম রাবেল, লুৎফুর রহমান, শাহীন আহমদ বদরুল, তারেক রহমান, জুবেদ আলীসহ কয়েকজন সহযোগী সংঘবদ্ধভাবে তাদের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা বাড়িতে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি পরিবারের সদস্যদের মারধর করে। একপর্যায়ে তারা আব্দুল খালিককে লক্ষ্য করে হামলা চালায়। তাকে রক্ষা করতে এগিয়ে গেলে তার স্ত্রীও লাঞ্ছনার শিকার হন বলে অভিযোগ রয়েছে। পরে হামলাকারীরা আব্দুল খালিককে জোরপূর্বক ধরে ফেলে এবং ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্বজনদের দাবি, এ হত্যাকাণ্ড ছিল দীর্ঘদিনের জমি-সংক্রান্ত বিরোধের রক্তাক্ত পরিণতি। এর আগে ২০২২ সালে প্রায় ৫ একর জমি জোরপূর্বক দখলের অভিযোগে পরিবারের পক্ষ থেকে আদালতে মামলা দায়ের করা হয়। আদালত পরবর্তীতে জমির মালিকানা তাদের পক্ষে স্বীকৃতি দিয়ে অভিযুক্তদের অবৈধ দখলদার হিসেবে ঘোষণা করেন। কিন্তু এরপর থেকেই পরিবারটির ওপর চাপ, হুমকি ও নির্যাতনের মাত্রা বাড়তে থাকে। ২০২৩ সালের আগস্টে নিহতের বড় ভাই আব্দুল মালিক বাছইকে অপহরণের পর হত্যা করা হয় বলে পরিবারের অভিযোগ। দুই দিন পর তার মরদেহ উদ্ধার করা হয়। ওই ঘটনার রেশ কাটতে না কাটতেই একই বছরের ৮ অক্টোবর আরেক দফা হামলায় পরিবারের কয়েকজন সদস্য গুরুতর আহত হন। হামলার সময় আহত ছেলেদের রক্তাক্ত অবস্থা দেখে তাদের মা হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলে পরিবারের দাবি। পরে হামলা, মারধর, জমি দখল ও হত্যার অভিযোগ এনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে স্পিডি ট্রায়াল আদালতে একটি মামলাও দায়ের করেন ছোট ভাই মো: আব্দুল আহেদ। কিন্তু তাতেও পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি বলে স্বজনরা অভিযোগ করেন।
নিহতের এক স্বজন জানান, সন্ত্রাসীদের ভয়ে আগেই গা ঢাকা দিয়েছেন ছোট ভাই আব্দুল আহেদ। পরিবারের সদস্যরা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উপজেলার ঘোগা গ্রামে সংঘর্ষের খবর পেয়ে পুলিশের একটি টিমকে পাঠানো হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে এ বিষয়ে এখনও তারা কিছুই জানেন না। তবে তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।