
যুগভেরী ডেস্ক ::: সিলেটের ওসমানীনগরে আয়াওয়ামী লীগের সমর্থক এক ব্যবসায়ীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিএনপি নেতাকর্মীরা। আজ সোমবার (১৮ আগস্ট) উমরপুর ইউনিয়নের লামা ইসবপুর গ্রামের আক্তার মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর থেকে উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে ব্যবসায়ীর পরিবারের সদস্যরা।
জানা যায়, আজ সোমবার বিকেলে স্থানীয় বিএনপির নেতা শাহজানের নেতৃত্বে বিএনপি ও এর অঙ্গ সংগটনের একদল নেতাকর্মী দেশিয় অস্ত্র নিয়ে লামা ইসবপুর গ্রামে আক্তার ভেরাইটিজ স্টোর নামের ব্যবসা প্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালায়। এসময় দোকানে কর্মচারি আরিফকে চর থাপ্পর দিয়ে দোকান থেকে বের করে দিয়ে ভাঙচুর শুরু করে। আশ-পাশের লোকজন দূর থেকে প্রত্যক্ষ করলেও ভয়ে কেউ সামনে এসে কোন বাধা দিতে পারেনি। হামলাকারীরা দোকানের আসবাবপত্রসহ মালামাল ভাঙচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে। যাওয়ার সময় হামলাকায়ারীদের কয়েকজন দোকানে থাকা দামি মালামাল লুটপাট করে সাথে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, লামা ইসবপুর গ্রামের আলতাব আলীর ছেলে আক্তার মিয়া পেশায় ব্যবসায়ি হলেও আওয়ামী লীগকে সমর্থন করতেন। ৭জানুয়ারির নির্বাচনে তিনি আওয়ামী লীগ দলীয় প্রার্থী শফিকুর রহমানের পক্ষে তিনি মাট পর্যায়ে কাজ করার সময় বিএনপি নেতা শাহজানের সাথে তার বাকবিতন্ডা হয়েছিল। নির্বাচনের ৫দিন আগে আক্তার মিয়া বিদেশে চলে যান। এর পর থেকে তার মা একজন কর্মচারির মাধ্যমে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন।
দোকান কর্মচারি আরিফ বলেন, হঠাৎ কিছু লোক দেশীয় অস্ত্র নিয়ে দোকানে প্রবেশ করে আমাকে মারপিট করে বের করে দেয়। এরপর তারা দোকান ভাঙচুর করে কয়েক লক্ষ টাকার ক্ষতি সাধন করে। দামি দামি অনেক মালামালও তারা নিয়ে যায়।
ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয় আলাল মিয়া বলেন, আমি দোকানের নিকটবর্তী একটি সড়কে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ দেখি কিছু লোক রামদা ও লাটিসুটা নিয়ে দোকানের দিকে এগিয়ে যাচ্ছে। ঐ সময় দোকানটি বন্ধ ছিল। সেখানে গিয়ে সবাই একযুগে দোকানে হামলা সাটার ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করে। অনেকে দূর থেকে বিষয়টি দেখলেও প্রতিবাদ করার সাহস পায়নি। হামলাকারীরা জামায়াত ও বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত বলে জানান তিনি।
আক্তারের বোন রাহেনা বেহম গণমাধ্যমকে বলেন, আমাত ভাই আওয়ামীগ সমর্থন করতেন। জানুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী শফিকুর রহমান চৌধুরীর পক্ষে কাজ করার সময় শাহজান নামে এক বিএনপি নেতার সাথে কথা কাটাকাটি হয়েছিল। আওয়ামী লীগ সরকার পতনের পর আমাদের বাড়িতে এসে একাধিকবার হুমকী দিয়েছিল। শেষ পর্যন্ত আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে। আমার ভাইকে সামনে পেলে সে মারাত্মক ক্ষতি করতে পারে।