নগরীর সাদিপুরে ১টি বাসায় তৌহিদী জনতার হামলা ও ভাংচুর

Daily Jugabheri
প্রকাশিত September 16, 2025
নগরীর সাদিপুরে ১টি বাসায় তৌহিদী জনতার হামলা ও ভাংচুর

ভাংচুর করা বাসার একটি কক্ষ।


স্টাফ রিপোর্টার
সিলেট নগরীর সাদিপুরে মো: চাঁন মিয়ার বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে তৌহিদি জনতার ব্যানারে উগ্রপন্থীরা। গতকাল বিকেল ৫টার দিকে সাদিপুর ২৪১ নং বাসায় এ হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা জোরপূর্বক বাসার ভেতরে প্রবেশ করে ব্যাপক ভাঙচুর করে।
এলাকাবাসী জানান, অন্তত ১০/১৫ জন হামলাকারী লাঠিসোটা নিয়ে বাড়ির ভেতরে প্রবেশ করে। এসময় তারা মো: চাঁন মিয়ার মেয়ে দিপালী বেগমকে খুঁজতে থাকে। হামলাকারীরা ঘরে ঢুকে প্রতিটি কক্ষ ভাঙচুর করে। ঘরের ভেতরে থাকা টিভি, ফ্রিজ ভেঙে ফেলা হয়। তখন চাঁন মিয়া তাদেরকে বাধা দিলে তাকে মারধর করে বাড়ি জ্বালিয়ে দেয়ার হুমকি দেয় হামলাকারীরা।
পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগীর মেয়ে বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন। স্থানীয় কিছু ব্যক্তি তার মেয়ের বিরুদ্ধে অভিযোগ তোলে, সে নাকি সমকামী একটি গ্রুপের সদস্য এবং বিদেশে সমকামী সংগঠনের সঙ্গে কাজ করছেন। এই অভিযোগকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। এরই ধারাবাহিকতায় গতকাল বিকেলে হামলাকারীরা হঠাৎ করে বাড়িতে ঢুকে দরজা-জানালা ও ঘরের বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে।
মো: চাঁন মিয়া অভিযোগ করেন, হামলাকারীরা তাকে মারধর করেছে এবং দিয়ে ধামকি দিয়ে বলেছে ‘তোর মেয়ে দিপালী কাফের মুরতাদ। তাকে দেশে ফিরিয়ে এনে শাস্তি না দিলে পরিণতি ভালো হবে না। আমরা জানি সে কোথায় আছে। তাকে সেখানে গিয়ে হত্যা করবো। একজন ধর্মত্যাগী ইসলাম অবমাননাকারীকে সহায়তা করার জন্য তোদেরকে চরম মূল্য দিতে হবে।’
চান মিয়া আরও জানান, তার মেয়ে দিপালী দীর্ঘদিন ধরে প্রবাসে রয়েছে। এসব বিষয়ে তিনি কিছুই জানেন না। এ হামলায় কমপক্ষে ২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। হামলাকারীরা তাকে মারধর ও তার স্ত্রীকে হেনস্তা করে আতঙ্ক সৃষ্টি করেছে। তারা নিরপত্তাহীনতায় ভূগছেন।
এ ব্যাপারে তৌহিদি জনতার একজনকে জিজ্ঞেস করলে তিনি জানান, দিপালীর স্বামী বিদেশে থেকে তাদেরকে নিশ্চিত করেছেন দিপালী যুক্তরাজ্যে সমকামি গ্রুপে যোগ দিয়েছে। দিপালী এমন জঘণ্য কাজ করে ইসলামের চরম অবমাননা করেছে। সে মুসলমানের দুষমন। সে কাফের মুরতাদ। ইসলামের বিধান অনুযায়ী তাকে পাথর নিক্ষেপে হত্যা করার বিধান রয়েছে।
এ বিষয়ে শাহপরাণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া ধর্মীয় নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যাবে না। দিপালী বেগম প্রবাসে রয়েছে। তাকে পেলে আটক করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন