শ্রীমঙ্গলের আশীদ্রোনে আওয়ামীলীগ নেতা ইছুব আলীর স্ত্রীকে ধরতে পুলিশের অভিযান

Daily Jugabheri
প্রকাশিত June 19, 2026
শ্রীমঙ্গলের আশীদ্রোনে আওয়ামীলীগ নেতা ইছুব আলীর স্ত্রীকে ধরতে পুলিশের অভিযান

শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলে আওয়ামীলীগ নেতা ইছুব আলীর স্ত্রী ফাতেমা আক্তার সাবানাকে ধরতে পুলিশ অভিযান চালিয়েছে। গতকাল ১৮ জুন বিকেল ৪টার দিকে আশ্রীদ্রোন গ্রামে শ্রীমঙ্গল থানা পুলিশ এ অভিযান চালায়। ফাতেমা আক্তার সাবানা শ্রীমঙ্গলের প্রবীন আওয়ামীলীগ নেতা ইছুব আলীর ২য় স্ত্রী। তার বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় নগদ টাকা ও স্বর্নালংকার লুট এবং প্রতারনার অভিযোগ রয়েছে। গত ১১/০২/২০২৫ ইং তার বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেছেন ইছুব আলীর ১ম স্ত্রীর ভাই ইলাল। এরপর থেকে সাবানা পলাতক রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৬ সালে শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য প্রবীন নেতা ইছুব আলী (৫৩) কটিয়ারকোনা গ্রামের মৃত মো: জালাল উদ্দিনের মেয়ে ফাতেমা আক্তার সাবানা (২২) কে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের প্রায় ৮ বছর পর ২০২৪ সালের আগস্টে আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে ছাত্রজনতার আন্দোলনের সময় অবস্থা বেগতিক দেখে ৩ আগস্ট ইছুব আলী তার ১ম স্ত্রী ও সন্তানদের নিয়ে আত্মগোপনে চলে যান। এর দুদিন পর ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পরপরই ইছুব আলীর বাড়িতে হামলা ও অগ্নিসংযোগ করে ছাত্রজনতা। এসময় সাবানা পালিয়ে যান।
পুলিশ জানায়, সাবানার বিরুদ্ধে দায়েরকৃত মামলায় ইলাল অভিযোগ করেছেন, সুযোগ বুঝে ৫ আগস্ট সাবানা তার বোনের জামাইর বিপুল পরিমান নগদ টাকা ও স্বর্নালংকার নিয়ে গেছেন। তিনি আরও অভিযোগ করেন, সাবানা সম্পত্তির লোভে প্রবীন ইছুব আলীকে বিয়ে করেছেন। বিয়ের পর থেকেই তিনি ইছুব আলীর সম্পত্তি লুট করতে নানা ধরনের পায়তারা চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় তার বোনের জামাই ইছুব আলীর সম্পত্তি রক্ষা করতে তিনি আইনের আশ্রয় নিতে তিনি বাধ্য হয়েছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করে সাবানার মা মিনারা আক্তার জানান, তার মেয়ে অনেক নির্যাতনের শিকার হয়ে প্রাণে বাঁচতে দেশ ছেড়ে পালিয়েছে। ইছুব আলী ২০২৪ সালের ৩ আগস্ট আমার মেয়ের জীবনকে হুমকির মুখে ফেলে তার ১ম স্ত্রীকে নিয়ে রাতের আধারে পালিয়ে যায়। ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হলে ছাত্রজনতা ইছ্বু আলীর বাড়িতে হামলা চালায় ও অগ্নিসংযোগ করে। এসময় আমার মেয়ে কোনরকমে পালিয়ে প্রাণরক্ষা করে। এরপর ইছুব আলীর খোঁজে ১২ আগস্ট র‌্যাব আমার বাড়িতে অভিযান চালায়। সাবানাকে না পেয়ে আমাকে জিজ্ঞাসাবাদ করে। আওয়ামীলীগ নেতার স্ত্রী হওয়ায় অনেক সমস্যা মোকাবেলা করে আত্মগোপনে থাকতে হয় তাকে। শেষপর্যন্ত দেশ ত্যাগ করে প্রাণে রক্ষা পায়। ইলাল বিএনপি নেতা। সে তার প্রভাব খাটিয়ে আমার মেয়ের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ এনে মামলা করেছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মামলা দায়েরের পর থেকে সাবানা পলাতক রয়েছেন। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। এরই ধারাবাহিকতায় গতকাল আশ্রীদ্রোন গ্রামে তার মায়ের বাড়িতে অভিযান চালানো হয়। তাকে পাওয়া যায়নি। তবে তাকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন