এলডিপি নেতা মফিকের ব্যাবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট অগ্নিসংযোগ

Daily Jugabheri
প্রকাশিত April 19, 2024
এলডিপি নেতা মফিকের ব্যাবসা প্রতিষ্ঠানে ভাংচুর, লুটপাট অগ্নিসংযোগ

স্টাফ রিপোর্ট::
লিবারেল ডেমোক্রেটি পার্টি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমা মোমিনখলা বি ব্লকের সুরমা-৫১ নং বাসার বাসিন্দা মনফর আলীর ছেলে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, চেম্বার অব কমার্সের সদস্য মো. মফিক মিয়ার
মফিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ নামক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাংচুর-লুটপাট, অগ্নিসংযোগ করা হয়েছে। যার ফলে ওই প্রতিষ্ঠানের কোটি টাকার ক্ষতি সাধন হয়েছে। গতকাল নগরীর দক্ষিণ সুরমা কদমতলী এলাকার ফেঞ্চুগঞ্জ সড়কের পাশে এ ঘটনা ঘটে।
এসময় ওই প্রতিষ্ঠানে কর্মরত তিনজন কর্মচারীকে মারপিট করে আহত করা হয়েছে। হামলায় আহতরা হলেন, আতাউর, রাসেল, রফিক। আহতরা দক্ষিন উপজেলা হেলথ কমপ্লেক্সে ও প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

সূত্র জানায়, সাবেক পোস্ট অফিস কর্মকর্তা ও সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী মফিক ইঞ্জিনিয়ারিং এর স্বত্বাধিকারী মো. মফিক মিয়া ছিলেন কমিউনিস্ট পার্টি এলডিপি’র সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি চাকুরী থেকে অবসর নেওয়ার পর ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের ব্যবসা করে আসছেন। তার ব্যবসায় ক্ষতিগ্রস্ত করার জন্য দীর্ঘদিন থেকে নানা ধরনের ষড়যন্ত্র ও চাঁদা দাবি করে আসছেন ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আনসার আহমদ কয়েস, তার আত্মীয় বিএনপি নেতা তাজরুল ইসলাম তাজুল, আওয়ামী লীগ নেতা ও সিলেট সিটি কর্পোরেশনের ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর তাকবির ইসলাম পিন্টু ও তার শ্যালক জামায়াত নেতা সোহেল রানা ।
কিন্ত মফিক মিয়া তাদের দাবিকৃত চাঁদা প্রদান করেননি। যার ফলে মো. মফিক মিয়া ওয়ার্কশপ থেকে বাড়ি ফেরার পথে তার উপর ২০২২ সনের ১৩ আগস্ট হামলা চালানো হয়। ব্যবসায়ীক ও রাজনৈতিক কারণে এবং পূর্বের বিরোধের জেরে গতকাল বিকেলে আনসার আহমদ কয়েস, তাজরুল, কাউন্সিলর পিন্টু এবং সোহেল রানার নেতৃত্বে সচেতন এলাকাবাসীর ব্যানারে জিয়ার সৈনিক এক হও, লড়াই করো, “ধর ধর এলডিপি ধর, ধরিয়া ধরিয়া জবাই কর, “নারে তাকবীর আল্লাহু আকবার” স্লোগান দিয়ে মিছিল সহকারে শতাধিক লোক গিয়ে মফিক মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় মো. মফিক মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা প্রায় কোটি টাকা মূল্যের নানা ধরনের মেশিন, যন্ত্রপাতি লুট করে, মিনিট্রাক, পিকআপ, ট্রাকভর্তি করে নিয়ে যাওয়া হয়। তখন মফিক মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের ভাংচুর করে ও কর্মচারীদের মারপিট করে প্রতিষ্ঠানে থাকা, চেয়ার-টেবিল, কম্পিউটার ও ক্যাশ থাকা নগদ ১১ লক্ষ ৮৭হাজার টাকা লুট হয়। হামলাকারীরা লুটপাট করে ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করে সবকিছু ভস্মীভূত করে ফেলে। তখন এলাকার কোন লোকজন ভয়ে সামনে যাননি।

থানা পুলিশ সূত্র জানায়, গতকাল হামলায় ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। শুনেছি এলডিপি নেতা মফিকের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ সকল বিষয়ে অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র আরো জানায়,মফিক মিয়ার বিরুদ্ধে থানায় হত্যা, নাশকতা, মারপিট, রাজনৈতিক সহিংসতা, হামলা ও ভাংচুরের অভিযোগে একাধিক মামলা আছে। তাই পুলিশের তালিকায় সে আত্মগোপনে রয়েছে।

মফিক মিয়ার পরিবার সুত্র জানান, কয়েস, তাজরুল, পিন্টু, সোহেল রানা এবং তাদের সন্ত্রাসীদের অব্যাহত হুমকি ও নির্যাতনে তারা পরিবারের লোকজন আতঙ্কে-ভয়ে বাড়ি ছাড়া। এরমধ্যে তাদের শেষ সম্বল ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট করে অগ্নিসংযোগ করেছে তাদের বাহিনী। ফলে এখন তাদের দিনাতিপাত করা কষ্ট হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মো. মফিক মিয়া বাম রাজনীতির লোক ছিলেন এবং একজন সুনামধন্য ব্যবসায়ী ছিলেন। তার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে। যা অত্যন্ত দুঃখজনক। তারা আরও জানান, গত এক সপ্তাহের মধ্যেই চাঁদাবাজরা এসে তাদের ভয়ভীতি দেখায়। তারা এখন ভীষণ নিরাপত্তাহীনতায় আছেন। স্থানীয় ব্যবসায়ী মহলে এ সকল ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।
দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) আবুল হোসেন জানান, তিনি খবর পেয়ে পুলিশ পাঠান। আর অগ্নিকাণ্ডের ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন