ছাতকে কলেজছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় ভাই-বোনকে আহত

Daily Jugabheri
প্রকাশিত February 23, 2018
ছাতকে কলেজছাত্রীকে তুলে নেওয়ার চেষ্টা, বাধা দেওয়ায় ভাই-বোনকে আহত

ছাতক (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজার এলাকায় এক কলেজছাত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে। এ সময় বাধা দেওয়ায় ওই ছাত্রী ও তাঁর ভাইকে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালিয়ে আহত করা হয়। ঘটনার পর মামলা করার উদ্যোগ নিলেও অভিযুক্তদের হুমকি ও প্রভাবের ভয়ে শেষ পর্যন্ত আইনগত পদক্ষেপ থেকে সরে আসে পরিবারটি। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গত ২১ ফেব্রুয়ারি সিলেট-সুনামগঞ্জ সড়কের দেবেরগাঁও ও মনবেগ এলাকার মধ্যবর্তী একটি নির্জন স্থানে জাউয়াবাজার কলেজের ছাত্রী মৌমিতা পারুল মনির সঙ্গে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী, ছাত্রীর পরিবার ও কলেজ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা যায়, ২১ ফেব্রুয়ারি বুধবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত কলেজের অনুষ্ঠানে অংশ নিতে তিনি তাঁর ভাই সাঈদ নোমানকে সঙ্গে নিয়ে কলেজে যান। অনুষ্ঠান শেষে বাড়ি ফিরতে কিছুটা দেরি হওয়ায় সন্ধ্যা হয়ে যায়। পরে তাঁরা সিএনজিচালিত অটোরিকশায় বাড়ির উদ্দেশে রওনা হন। পথে দেবেরগাঁও ও মনবেগের মধ্যবর্তী স্থানে পৌঁছালে একটি প্রাইভেট কার তাঁদের অটোরিকশার সামনে এসে পথরোধ করে।

এ সময় মুখোশ পরা ৫-৬ জন ব্যক্তি গাড়ি থেকে নেমে ওই কলেজছাত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ছাত্রী চিৎকার শুরু করেন এবং তাঁর ভাই বাধা দেন। ঠিক তখনই ওই সড়ক দিয়ে যাতায়াতকারী একটি বাস ঘটনাস্থলে এসে থামে। বাসের যাত্রীরা পরিস্থিতি বুঝতে পেরে এগিয়ে এলে হামলাকারীরা দেশীয় অস্ত্র দিয়ে ভাই-বোনের ওপর হামলা চালিয়ে পালিয়ে যায়।

এতে ভাই-বোন দুজনই আহত হন। পরে স্থানীয় লোকজন ও পথচারীদের সহযোগিতায় তাঁদের হাসপাতালে নেওয়া হয়। ঘটনার পর পরিবারের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন ছাত্রীর সহপাঠী ও স্থানীয় কয়েকজন ব্যক্তি। তবে তাঁদের অভিযোগ, অপহরণচেষ্টায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার পর মামলা করার উদ্যোগের খবর ছড়িয়ে পড়লে ওই ব্যক্তির পক্ষ থেকে ছাত্রীর পরিবারকে নতুন করে হুমকি দেওয়া হয়। বিষয়টি নিয়ে আর না এগোতে এবং চুপ থাকতে পরিবারকে বলা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রীর সহপাঠী ও স্থানীয় ব্যক্তিরা জানান, অভিযুক্ত ব্যক্তি অর্থ, পেশিশক্তি ও রাজনৈতিক প্রভাবে শক্তিশালী হওয়ায় ছাত্রীর পরিবারের সদস্যদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। একপর্যায়ে ভয়ে তাঁরা মামলা করার সিদ্ধান্ত থেকে সরে আসেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রীর এক স্বজনও জানান, পরিবারের নিরাপত্তা ও মেয়েটির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগের কারণে তাঁরা আর আইনি পদক্ষেপ নেওয়ার সাহস পাননি।

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের এক শিক্ষক জানান, প্রায় চার-পাঁচ মাস আগেও একটি ঘটনাকে কেন্দ্র করে ওই ছাত্রীর কলেজে আসা বন্ধ হয়ে গিয়েছিল। ভয়ে প্রায় এক মাস তিনি ক্লাসে আসেননি। পরে বিষয়টির সমঝোতা হলে আবার কলেজে আসা শুরু করেন। বিষয়টি কলেজের অনেক শিক্ষক ও শিক্ষার্থী জানেন বলেও দাবি করেন ওই শিক্ষক।

জাউয়া বাজার কলেজের অধ্যক্ষ আব্দুল গাফফার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি জানার পর তিনি ওই ছাত্রীর খোঁজখবর নিয়েছেন। তবে ঘটনার পর পরিবার কী সিদ্ধান্ত নেবে, তা তিনি এখন বলতে পারছেন না।

কৈতক হাসপাতালের মেডিকেল অফিসার জহুরুক হক জানান, আহত অবস্থায় ছাত্রী ও তাঁর ভাই হাসপাতালে এসেছিলেন। তাঁদের চিকিৎসা দেওয়া হয়েছে।

ছাতক থানার জাউয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রী ও তাঁর ভাইকে উদ্ধার করে। এ ঘটনায় ছাত্রীর পরিবারের পক্ষ থেকে এখনো কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি।

এদিকে, ঘটনার বিষয়ে বিস্তারিত জানতে সংশ্লিষ্ট পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

সংবাদটি শেয়ার করুন