সিলেটের সুবহানিঘাট সবজি বাজারের কাছে ঝুলন্ত লাশ উদ্ধার

Daily Jugabheri
প্রকাশিত September 26, 2022
সিলেটের সুবহানিঘাট সবজি বাজারের কাছে ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার: সিলেটের সুবহানিঘাট সবজি বাজারের কাছে একটি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল ২৫ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ তারিখে সিলেট কোতোয়ালী মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে জানা যায়, নিহত ব্যক্তির নাম তুষার মিয়া। তিনি একজন ট্রান্সজেন্ডার ব্যক্তি। তাকে বিভিন্ন সময় সিলেটের সুবহানিঘাটসহ আশপাশের এলাকায় দেখা যেত। পুলিশ ঘটনাস্থল থেকে তুষার মিয়ার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
এটি হত্যাকাণ্ড কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এদিকে নিহত তুষার মিয়ার পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজনের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সিলেট কোতোয়ালী মডেল থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক বলেন, ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা পুলিশ খতিয়ে দেখবে। এ ঘটনায় কারও সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে আইনের আওতায় আনা হবে। পুলিশ এ ঘটনায় তদন্ত কার্যক্রম অব্যাহত রেখেছে।

সংবাদটি শেয়ার করুন