
গোলাপগঞ্জ প্রতিনিধি:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার করগ্রাম পশ্চিমটুল গ্রামে এক জেলে পরিবারের উপর হামলা, মারধর ও চাঁদা দাবির অভিযোগ পাওয়া গেছে। গত ১৫ জুন জেলেবস্তির মুজিবুর রহমানের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে থানায় মামলা করতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
স্থানয়ি সূত্র জানা যায়, মাছুম আহমদ, মইনুল ইসলাম রনি ও তাদের সহযোগীরা গত ১৫ জুন বিকেলে জোরপূর্বক জেলেবস্তির মুজিবুর রহমানের বাড়িতে প্রবেশ করে। এসময় তারা মুজিবুর রহমানের পুত্র কানাডাপ্রবাসী সালমান আহমদের খোঁজ করে। সালমানের বাবা জানান, তার ছেলে বর্তমানে কানাডায় অবস্থান করছে। এ কথা শুনে হামলাকারীরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে এবং চাঁদা দাবি করে। সালমানকে তাদের হাতে তুলে না দিলে কঠোর পরিণতি বহন করতে হবে বলে ধামকি দিয়ে যায় তারা। হামলায় আহত হন মুজিবুর রহমান।
হামলাকারীরা চলে যাওয়ার পর প্রতিবেশীরা আহত মুজিবুর রহমানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরদিন ১৬ জুন তিনি গোলাপগঞ্জ থানায় এ বিষয়ে মামলা দায়ের করতে গেলে পুলিশ তা গ্রহণ না করে উল্টো তাকে ভয়ভীতি দেখায় বলে অভিযোগ করেন তিনি। এ সময় সালমানকে পুলিশের হাতে তুলে দেওয়ার জন্য চাপ দেয়া হয় বলে জানান তিনি।
তবে এসব অভিযোগ অস্বীকার করে গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, করগ্রাম জেলে বস্তির সালমান আহমদ একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ খুঁজছে। তার বাড়িতে হামলার বিষয়ে আমরা কিছুই জানি না। এ ঘটনায় আমরা কোনো অভিযোগও পাইনি।”