আওয়ামী ফ্যাসিস্টদের ধরতে ওসমানীনগরে পুলিশের সাঁড়াশি অভিযান

Daily Jugabheri
প্রকাশিত October 19, 2026
আওয়ামী ফ্যাসিস্টদের ধরতে ওসমানীনগরে পুলিশের সাঁড়াশি অভিযান

নিজস্ব প্রতিবেদক :::
আওয়ামী ফ্যাসিস্টদের ধরতে ডেভিল বিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে সিলেটের ওসমানীনগর থানা পুলিশ। আজ সোমবার (১৯ অক্টোবর) রাতে থানার বেশ কয়েকটি গ্রামে এমন অভিযান চালানো হয়েছে মর্মে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে, এ অভিযানে আওয়ামী লীগ কিংবা অঙ্গসহযোগী সংগঠনের কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
জানা গেছে, রাত ১০টা থেকে স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে ডেভিল বিরোধী অভিযানে নামে থানা পুলিশ। তারা কয়েকটি ভাগে ভাগ হয়ে বেশ কয়েকটি গ্রামে পৃথক অভিযান পরিচালনা করেন। যা ভোরাত পর্যন্ত অব্যাহত থাকে।
সূত্র জানায়, অভিযানিক দলটি মধ্য রাতের দিকে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়ার বাড়িতে তল্লাশি চালায়। এসময় আনা মিয়াকে বাড়িতে পাওয়া যায়নি। এরপর পরই তারা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহানের খোঁজে ওসমানীনগর উপজেলার তাজপুর এলাকার কাশিখাপন গ্রামের বাড়িতে অবস্থান নেয়। চুপিসারে পুরো বাড়ি ঘেরাও করে চলে নিবিড় পর্যবেক্ষণ। কিন্তু এসময় বাড়িতে কেউই ছিলেন না। পুরো বাড়িটিই ফাঁকা ছিলো। সোহান আত্মগোপনে যাওয়ার পর থেকেই পরিবারের সদস্যরা তার নানা বাড়িতে থাকছেন। একপর্যায়ে বাড়িতে কেউ না থাকার বিষয়টি নিশ্চিত হয়ে অভিযানিক দল সোহানের নানা বাড়ি দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার এলাকার হকিয়ার চর গ্রামে পৌছে। রাতের শেষ প্রহরে পুলিশের উপস্থিতি টের পেয়ে রীতিমত ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন সোহানের মা, পরিবার ও নানাবাড়ির অন্যান্য সদস্যরা। এসময় পুলিশ ঘরে ঢুকে মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহানের খোঁজ করে। সোহানকে ঘরে না পেয়ে পুরো বাড়িতে তারা তল্লাশি চালায়। একপর্যায়ে তারা সোহানের মা-বোনকে অকথ্য ভাষায় শাসাতে থাকে এবং অনতিবিলম্বে সোহান যেনো আত্মসমর্পণ করে- এব্যাপারে জোর দেয়। অন্যথায়, মা-বোনকে জেলে ভরা দিবে বলেও হুমকি প্রদান করে স্থান ত্যাগ করে।
এদিকে সোহান ছাড়াও বেশ কয়েকজন কর্মীর বাড়িতেও অভিযান চালিয়েছে পুলিশ। কিন্তু এসব অভিযানে কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি তাদের।
হঠাৎ কেন এমন অভিযান? জানতে চাইলে পুলিশ জানায়, গত ১৯ সেপ্টেম্বর’২৬ সিলেট জেলা ছাত্রলীগের ব্যানারে ওসমানীনগরের তাজপুর বাজারে ছাত্রলীগের নেতাকমীরা মিছিল বের করে। ওই মিছিলে সোহান-সহ স্থানীয় নেতাকর্মীদের ইন্দনসহ জড়িত থাকার বিষয়ে পুলিশের উপর মহল থেকে থানা পুলিশকে চাপ সৃষ্টি করা হয়। মূলত, সেই চাপে পড়ে তাদেরকে এমন কঠোর হতে হয়েছে। তাছাড়া, মোহাম্মদ জাহিদুল ইসলাম সোহানের নামে গ্রেফতারি পরোয়ানা রয়েছে। তিনি বিশেষ ক্ষমতা আইনের দু’টি মামলার এজাহার নামীয় আসামি। তাকে গ্রেফতারে উপর মহল থেকে চাপ আসাটা স্বাভাবিক বলে মন্তব্য করে পুলিশ।
এদিকে নিজের ছেলেকে নির্দোষ দাবি করে সোহানের মা জানান, আমার ছেলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার। একটি মহল তার সফলতায় ঈর্ষান্বিত হয়ে এমনটি করছে। প্রবাসে থাকা ছেলেকে মামলার আসামি করেছে। এখন, পরিবারের পেছনে পুলিশ লেলিয়ে দিয়েছে। তারা আমাদেরকে মানসিকভাবে নাজেহাল করছে।
দেশে চলমান ‘মব’ ও পুলিশের অতিউৎসাহী আচরণের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সোহান ২০২৩ সালে কেয়ার ভিসায় লন্ডনে পাড়ি দিয়েছে। তাহলে ২০২৪ সালের ঘটনায় কীভাবে তার সংশ্লিষ্টতা থাকতে পারে। লন্ডনে থেকেও সে কীভাবে দেশে মিছিল করতে পারে কিংবা ছাত্র-জনতার উপর হামলা করতে পারে? সম্পূর্ণ অন্যায় ও উদ্দেশ্য প্রণোদিতভাবে তাকে মামলার আসামি করা হয়েছে। সম্প্রতি সে দুইটি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
সোহানের মা বলেন, ‘০৫ আগস্ট’২৪ এর পর স্থানীয় বিএনপি-জামায়াতের নেতৃত্বে আমাদের দোকানে ও বাড়িতে হামলা চালানো হয়েছে। মব সৃষ্টির মাধ্যমে ভাঙচুর করে আমাদের মূল্যবান সম্পদ লুট করা হয়েছে। তারা আমার ছেলে সোহানকে মিথ্যা ও বানোয়াট মামলায় আসামি করেছে। তাদের এমন অমানবিক নির্যাতনের কারণে সোহানের বাবা হার্ট স্ট্রোক করে মারা যান। আমি এখন সবকিছু হারিয়ে সন্তানদের নিয়ে আমার বাবার বাড়িতে বসবাস করছি। এখানেও পুলিশ এসে হুমকি ধমকি দিয়ে যায়, আমি সোহানকে বলছি বাবা তুমি দেশে এসো না, দেশে আসলে তোমাকেও মেরে ফেলবে বিএনপি জামাতের গুন্ডারা।’
এ ব্যাপারে জানতে চাইলে ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, সোহানের বিরুদ্ধে দুটি মামলা হয়েছিলো, তিনি ওই দুই মামলার ওয়ারেন্টভুক্ত আসামি। তাকে গ্রেফতারে রাজনৈতিক চাপ রয়েছে। পুলিশের উপর মহল থেকেও গ্রেফতার দেখাতে জোর দেওয়া হচ্ছে। তাই তাকে গ্রেফতারে পুলিশ হন্যে হয়ে খুঁজছে। দেশে থাকলে অবশ্যই তাকে গ্রেফতার করা হবে।

সংবাদটি শেয়ার করুন