
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে বিশ্বনাথ উপজেলার বেতসান্দি গ্রামে জাকারিয়া আহমদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। সরকারবিরোধী কর্মকান্ডের জের ধরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিশ্বনাথ উপজেলা শাখার অন্যতম সদস্য জাকারিয়া আহমদের বাড়িতে গতকাল বিকেলে স্থানীয় আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতা রুহেল, জুবের ও সুহেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালায়। প্রথমে তারা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। তখন জাকারিয়ার মা রেজিয়া বেগম (৫৫) ঘর বেরিয়ে আসলে তারা তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং জোরপূর্বক ঘরে ঢুকে জাকারিয়া আহমদকে খুঁজতে থাকে। তখন তারা জাকারিয়াকে না পেয়ে ঘরে ব্যাপক ভাংচুর করে। জাকারিয়া বাড়িতে নেই জানালে তারা ক্ষিপ্ত হয়ে রেজিয়া বেগমকে মারধর করে। তখন তিনি চিৎকার করলে তাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। এতে রেজিয়া বেগমের মেরুদন্ডের হাড় ভেঙ্গে যায়। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। তবে যাবার সময় ধামকি দিয়ে যায়, জাকারিয়াকে তাদের হাতে তুলে দিতে হবে। জাকারিয়া সরকারবিরোধী বিভিন্ন কর্মকান্ডে জড়িত রয়েছে। জাকারিয়াকে যেখানে পাবে তাকে হত্যা করবে। পরে প্রতিবেশীরা গুরুতর আহত রেজিয়া বেগমকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তারা এ বিষয়ে কিছুই জানেন না। কেউ অভিযোগও নিয়ে আসেনি। অভিযোগ পেলে দেখা যাবে।