
নিজস্ব সংবাদদাতা, ছাতক :: সুনামগঞ্জের ছাতকে প্রবাসী সাবেক ছাত্রশিবির নেতার বাড়ীতে অভিযান চালিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে উপজেলার ঝামক গ্রামের আজাদ মিয়ার পুত্র সাবেক বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির নেতা প্রবাসী মো: ছাবিদ মিয়ার এই অভিযান চালানো হয়। তবে এসময় কাউকে গ্রেফতার করা না হলেও ঘরের আসবাবপত্র তছনছ করে ব্যাপক তল্লাশী চালায় পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতক উপজেলার ঝামক গ্রামের আজাদ মিয়ার পুত্র সাবেক ছাত্রশিবির নেতা মো: ছাবিদ মিয়া দীর্ঘদিন থেকে প্রবাসে অবস্থান করছেন। দেশে থাকতে তিনি ছাত্রশিবিরের রাজনীতির সাথে জড়িত ছিলেন। প্রবাসে গিয়েও তিনি জামায়াতের রাজনীতিতে জড়িত থাকার পাশাপাশি সরকারবিরোধী প্রচারণা অব্যাহত রেখেছেন। এ নিয়ে তার বাড়ীতে গিয়ে স্থানীয় সরকারদলীয় নেতাকর্মীরা একাধিকবার তার পরিবারের সদস্যদের হুমকী-ধামকী দিয়েছে বলেও অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী-এমপি ও উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে কটুক্তির প্রতিবাদে তার বিরুদ্ধে সিলেটের সাইবার ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে তদন্ত রিপোর্ট দাখিলের জন্য ছাতক থানা পুলিশকে নির্দেশ দিয়েছেন। এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার পুলিশ ঐ প্রবাসী সাবেক ছাত্রশিবির নেতার বাড়ীতে গিয়েছিল বলে জানিয়েছেন ছাতক থানার ওসি শাহ আলম। এসময় কাউকে গ্রেফতার করা হয়নি, পুলিশ শুধুমাত্র পরিবারের সদস্যদের সাথে কথা বলে চলে এসেছে।