• ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মৌলভীবাজারে আওয়ামীলীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

Daily Jugabheri
প্রকাশিত আগস্ট ৯, ২০২৪
মৌলভীবাজারে আওয়ামীলীগ নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট

মৌলভীবাজার প্রতিনিধি ::::
মৌলভীবাজার জেলার সদর উপজেলায় আওয়ামীলীগ নেতাকর্মীর বাড়িতে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্ররা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বিকেলে মৌলভীবাজার সদর উপজেলার পংধরাই গ্রামে আওয়ামীলীগ নেতা শিপন খান, একই গ্রামের জয়নাল খানের পুত্র আওয়ামীলীগ নেতা মো: সাকের আহমদ খান এবং রাকা হড়িদত্ত গ্রামের আওয়ামীলীগ নেতা জমসেদ খানের বাড়িতে এসব হামলার ঘটনা ঘটে। শিপন খান আমতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও মোঃ জমসেদ খান ইউনিয়নের সাবেক মেম্বার। চলতি বছরের ৫ আগস্ট কোটা ইস্যুতে সরকার পতনের পর আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের ব্যবসা প্রতিষ্ঠান ও বাসা-বাড়িতে ব্যাপক হারে হামলা, ভাংচুর, লুটপাট এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। গতকাল ৮ আগস্ট মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, আওয়ামীলীগ নেতা জমসেদ খান ও মো: সাকের আহমদ খানের বাড়ীতে হামলা চালিয়েছে স্থানীয় বিএনপি, জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্ররা।
প্রত্যক্ষদর্র্শী সূত্রে জানা যায়, গতকাল বিকাল ৩ টার দিকে বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের ৩০/৪০ জন নেতাকর্মী লাঠিসোটা ও দেশী-বিদেশী অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আওয়ামীলীগ নেতা শিপন খানের বাড়ীতে হামলা চালায়। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা জোরপূর্বক বাড়িতে প্রবেশ করে শিপন খান ও তার মেয়ে ছাত্রলীগ নেত্রী শিরিনা খানম তুলিকে খোঁজা খুঁজি করে। তাদেরকে না পেয়ে উশৃঙ্খল নেতাকর্মীরা বসত ঘরের প্রতিটি কক্ষে ভাংচুর চালায় এবং ঘরে থাকা মূল্যবান জিনিসপত্র লুটপাট করে নিয়ে যায়। একই সময় উশৃঙ্খল নেতাকর্মীরা আওয়ামীলীগ নেতা মো: সাকের আহমদ খানের বাড়িতে হামলা চালায়। তখন মো: সাকের আহমদ খানকে না পেয়ে ভাংচুর ও লুটপাট চালায়। পরে নেতাকর্মীরা মিছিল নিয়ে রাকা হড়িদত্ত গ্রামের আওয়ামীলীগ নেতা জমসেদ খানের বাড়িতে হামলা চালায়। এসময় উশৃঙ্খল নেতাকর্মীরা বাড়িতে ব্যাপক ভাংচুর ও লুটপাট করে। জমসেদ খানকে না পেয়ে বাড়িতে থাকা লোকজনকে মারধর করে। স্থানীয়রা অভিযোগ করেন, বিএনপি, জামায়াতে ইসলামী ও বৈষম্য বিরোধীছাত্র আন্দোলনের উশৃঙ্খল নেতাকর্মীরা আওয়ামীলীগ নেতাকর্মীদের পেলে প্রাণে মেরে ফেলতো। দেশী-বিদেশী অস্ত্রসস্ত্র নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে বিএনপি, জামায়াতে ইসলামীর নেতা-কর্মী ও বৈষম্য বিরোধী ছাত্ররা এই ন্যক্কারজনক হামলা চালিয়েছে বলে জানান তারা।
৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতনের পর আওয়মীলীগ নেতা শিপন খান ও তার মেয়ে ছাত্রলীগ নেত্রী শিরিনা খানম তুলি, আওয়ামীলীগ নেতা জমসেদ খান এবং মো: সাকের আহমদ খান আত্মগোপন করেন। তবুও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাদের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট করা হয়েছে। দেশের এমন পরিস্থিতিতে আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের চরম আতংক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে জানান ভূক্তভোগী পরিবারের সদস্যরা।
এই বিষয়ে মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সদর উপজেলার পংধরাই ও রাকা হড়িদত্ত গ্রামে হামলার খবর পেয়ে পুলিশের একটি টিম পাঠানো হয়। ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। কে বা কারা হামলা করেছে- এ বিষয়ে তারা কিছুই জানেন না। স্বৈরাচারী আওয়ামীলীগ সরকারের দোসরদের বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিরাপত্তা দেয়া পুলিশের পক্ষে সম্ভব নয়।

সংবাদটি শেয়ার করুন