• ১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মাহিকে কঠোরভাবে সতর্ক করলেন আদালত

Daily Jugabheri
প্রকাশিত ডিসেম্বর ১৭, ২০২৩
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় মাহিকে কঠোরভাবে সতর্ক করলেন আদালত

যুগভেরী ডেস্ক ::: নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে কঠোরভাবে সতর্ক করেছেন আদালত। রোববার এই আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান রাজশাহীর যুগ্ম জেলা ও দায়রা জজ মো. আবু সাঈদের আদালতে কারণ দর্শানোর নোটিশের শুনানি শেষে মাহিয়া মাহি নিজেই বিষয়টি জানিয়েছেন। শুনানি শেষে তিনি আদালতের সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। এ সময় মাহি বলেন, ‘প্রতীক বরাদ্দের আগেই আমি ভোটারদের সঙ্গে দেখা করতে গিয়েছি, দোয়া চেয়েছি। এটাও একটা আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে। আমি এর জন্য আদালতকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করেছি। তারা আমাকে কঠোরভাবে সতর্ক করেছে যে, পরবর্তী সময়ে যাতে এ রকম না হয়। আমি এটা মেনে চলব।’ ভোটের মাঠে এসে কোনো বাধা পাওয়া যাচ্ছে কি না, জানতে চাইলে ঢাকাই সিনেমার এই নায়িকা বলেন, ‘এখন পর্যন্ত আমাকে কোনো ধরনের হুমকি দেওয়া হয়নি। সরে যাওয়ার কথাও বলা হয়নি। নির্বাচন যত এগিয়ে আসবে, বিষয়টা আসলে তখন বোঝা যাবে। সরাসরি এখনো কোনো হুমকি আসেনি। প্রচারণার মাঠে গিয়ে আসলে কতটুকু প্রবলেম ফেইস করি সেটা আপনাদের সবাইকে (সাংবাদিকদের) জানাব এবং সহযোগিতা চাইব। যদি দেখি যে আমার কর্মীরা রিস্ক ফিল করছে, তাহলে অবশ্যই আপনারা সাপোর্ট করবেন এবং সেটা দেশবাসীকে জানাবেন।’ শেষ পর্যন্ত ভোটের মাঠে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়ে মাহি বলেন, ‘নির্বাচনের মাঠ ছেড়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি আগামী নির্বাচন পর্যন্ত যদি বেঁচে থাকি, শেষ পর্যন্ত লড়ব।’  এর আগে শোকজ নোটিশের জবাব দিতে বেলা সাড়ে ১১টায় আদালতে আসেন মাহিয়া মাহি। দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত শুনানি চলে। শুনানিতে আদালত মাহির বক্তব্যে সন্তোষ প্রকাশ করে তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেন। তবে তাঁকে কঠোরভাবে সতর্ক করা হয়। আদালতের পেশকার মো. সাহাবুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘আদালতে মাহিয়া মাহি তাঁর ভুল স্বীকার করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছেন। আদালত তাঁর জবাবে সন্তোষ প্রকাশ করেছেন। তাঁকে অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে আদালত তাঁকে সতর্ক করেছেন, যেন ভবিষ্যতে তিনি আচরণবিধি মেনে চলেন।’

সংবাদটি শেয়ার করুন